পক্ষপাতদুষ্ট কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা না করতে নির্দেশনা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

নিজস্ব প্রতিবেদক:- দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পক্ষপাতদুষ্ট কাউকে ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দিতে বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের রাজনৈতিক -৬ শাখা থেকে বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) জারি করা এক পরিপত্রে এ কথা বলা হয়।পরিপত্রে বলা হয়, ভোটগ্রহণ কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে সাহসী ও নিরপেক্ষ ব্যক্তিকে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রথম শ্রেণি বা সমমর্যাদার কর্মকর্তাদের মধ্য থেকে প্রিজাইডিং অফিসার নিয়োগে অগ্রাধিকার প্রদান এবং পক্ষপাতদুষ্ট ব্যক্তিদের ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে নিয়োগ না দেয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে৷পরিপত্র অনুযায়ী ভোটে আরও যেসব নিয়ম মানতে বলা হয়েছে।

⚫ প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের জন্য নির্ধারিত প্রশিক্ষণ গুরুত্ব সহকারে আয়োজন এবং প্রয়োজনীয় পুস্তিকা বা প্রশিক্ষণ দ্রব্যাদির কোনো ঘাটতি থাকলে তা নির্বাচন কমিশন থেকে আগেই সংগ্রহের ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

⚫ রিটার্নিং অফিসার কর্তৃক ইলেক্টোরাল ইনকোয়ারি কমিটির সদস্যদের জন্য যানবাহন ও নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে৷

⚫ নির্বাচনী কাগজপত্র (ব্যালট পেপার) স্থানীয় ট্রেজারিতে (ডাবল লকে) আইনানুগ সময়ের জন্য সংরক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

⚫ সহকারী রিটার্নিং অফিসারের সঙ্গে রিটার্নিং অফিসারের সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য উপজেলার সঙ্গে জেলা পর্যায়ের ও ঢাকার সঙ্গে জেলা বা উপজেলার টেলিযোগাযোগ ব্যবস্থা সচল রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে৷

⚫ ভোটগ্রহণ ও ভোটগণনা শেষে প্রিজাইডিং অফিসারগণ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় যথাসম্ভব স্বল্প সময়ে ভোটকেন্দ্র থেকে ভোটগণনা বিবরণী ও সংশ্লিষ্ট কাগজপত্রাদি সহকারী রিটার্নিং অফিসারের নিকট সরবরাহ করবে।

⚫ প্রিজাইডিং অফিসাররা ভোটগণনার বিবরণীসহ ব্যবহৃত অন্যান্য দ্রব্যাদি সহকারী রিটার্নিং অফিসারের নিকট পৌঁছানো এবং বেসরকারি ফলাফল ঘোষণার জন্য ফলাফল একত্রীকরণসহ সার্বিক বিষয়ে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে। সেই সঙ্গে নির্বাচন কমিশন যেন অনতিবিলম্বে সম্পূর্ণ বেসরকারি ফলাফল ঘোষণা করতে পারে সে লক্ষ্যে স্থানীয় প্রশাসন ও রিটার্নিং অফিসার কর্তৃক সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসারকে প্রয়োজনীয় নির্দেশ দানের ব্যবস্থা গ্রহণ করতে হবে৷

⚫নির্বাচনী ফলাফল দ্রুততার সঙ্গে প্রেরণের জন্য সংশ্লিষ্ট এলাকার টেলিফোন, ফ্যাক্স, ইন্টারনেট সংযোগ সচল রাখতে হবে। এ বিষয়ে দক্ষ কর্মকর্তাদের দ্বারা নির্বাচনী ফলাফল সমন্বয়, একত্রীকরণ ও প্রচারের ব্যবস্থা গ্রহণ করতে হবে৷