ঝিনাইদহ-১ আসনের এমপি আবদুল হাই মারা গেছেন

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শনিবার ভোরে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি থাইল্যান্ডে অবস্থান করা তার ব্যক্তিগত সহকারী শহিদুল ইসলাম নিশ্চিত করেছেন। তিনি স্ত্রী, ১ মেয়ে ২ ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আছাদুজ্জামান আসাদ জানিয়েছেন, মো. আবদুল হাই বেশ কিছু দিন ধরে লিভার জটিলতাসহ নানা রোগে অসুস্থ হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানে অবস্থার অবনতি হলে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

পরিবার সূত্র প্রাথমিকভাবে জানিয়েছে, মরদেহ দেশে আসার পর সব আনুষ্ঠানিকতা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বঙ্গবন্ধুর নির্দেশে ঝিনাইদহে স্বাধীন বাংলাদেশের প্রথম পতাকা তুলেছিলেন। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।