হেলিকপ্টারে চড়িয়ে মায়ের ইচ্ছা পূরণ করলেন ছেলে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

টাঙ্গাইল:- টাঙ্গাইলের দেলদুয়ারে প্রবাস ফেরত ছেলের কাছে বিমানে ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেন বৃদ্ধা মা। আর সেই ইচ্ছা পূরণে ছেলে ভাড়া করলেন একটি বেসরকারি হেলিকপ্টার।

সোমবার সকালে উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল খেলার মাঠে অবতরণ করে নীল রঙের একটি হেলিকপ্টার।

কোপাখী গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ছামাদ মিয়ার ছেলে আসাদুজ্জামান বাদল মায়ের জন্য ভাড়া করেন হেলিকপ্টারটি। সেই হেলিকপ্টারে সকাল সাড়ে ৮টার দিকে মাকে নিয়ে আকাশে উড়াল দেন বাদল। কয়েকটি চক্কর দিয়ে আবার সেখানেই হেলিকপ্টারটি অবতরণ করেন।

অনুভূতি প্রকাশ করে মা আছিয়া বেওয়া বলেন, ছেলে শেষ বয়সে আমার ইচ্ছা পূরণ করেছে। এতে আমি খুবই আনন্দিত। আল্লাহ আমার ছেলের মঙ্গল করুন।

বিষয়টি এলাকায় একটি আলোড়ন সৃষ্টিকারী ঘটনা বলে মন্তব্য করেছেন ডুবাইল ইউপি চেয়ারম্যান মো. ইলিয়াস মিয়া।