নিজেস্ব প্রতিনিধি :– সরকারী কর্মকর্তা-কর্মচারীদের মতো প্রতি বছর গণমাধ্যমের ছুটি নির্ধারণ করে গেজেট জারির আবেদন জানিয়েছে সাংবাদিকদের একটি সংগঠন।
বৃহস্পতিবার (২০ মার্চ) তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বরাবর এ আবেদন দেন জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ নামের সংগঠনটি।সংগঠনের সদস্যসচিব মো. মিয়া হোসেন স্বাক্ষরিত আবেদনে বলা হয়, পবিত্র ঈদসহ ধর্মীয় উৎসব ও বিভিন্ন জাতীয় দিবসে সরকারি ছুটির দিনে গণমাধ্যমে ছুটি পালনের বিষয়ে এর আগে সরকারের পক্ষ থেকে কোনো গেজেট বা প্রজ্ঞাপন জারি করা হয়নি। এ বিষয়ে সরকারের ঘোষিত কোনো সিদ্ধান্ত না থাকায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীরা ছুটি ভোগের মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন।
গণমাধ্যম মালিকদের বিভিন্ন সংগঠন তাদের ইচ্ছামাফিক ছুটি দেয় এবং ছুটির দিনে বিশেষ ব্যবস্থার নামে কাজ করিয়ে যথাযথ পারিশ্রমিকও দেন না। এমতাবস্থায় সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের মৌলিক অধিকার হিসেবে ছুটি ভোগের বিষয়ে বৈষম্য দূর করে সরকারি সিদ্ধান্ত ঘোষণার মাধ্যমে গেজেট জারি করা একান্ত আবশ্যক।







