নকল ঠেকাতে শিক্ষকদের জবাবদিহি, আসছে নতুন নীতিমালা -যশোরে শিক্ষামন্ত্রী
স্বাধীন কন্ঠ ডেস্ক
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের পাবলিক পরীক্ষায় নকলের দায় এড়াতে পারেন না শিক্ষকরা; শিক্ষার্থীরা নকল করলে সেটি শিক্ষকদের দুর্বলতারই প্রতিফলন। আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষা সামনে রেখে নকলমুক্ত পরিবেশ নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। একই সঙ্গে শিক্ষকদের শৃঙ্খলার মধ্যে আনতে নতুন নীতিমালা প্রণয়নের কথাও জানান মন্ত্রী।
সোমবার যশোর পিটিআই অডিটোরিয়ামে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড যশোর। এতে যশোর শিক্ষাবোর্ডসহ খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের সচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টায় পাবলিক পরীক্ষায় নকল বন্ধ করা সম্ভব হয়েছিল। এবারও শিক্ষকদের আন্তরিকতা ও কঠোর নজরদারি থাকলে নকলমুক্ত পরীক্ষা আয়োজন করা সম্ভব। তিনি সতর্ক করে বলেন, পরীক্ষার সময় কোনো শিক্ষক বা কর্মকর্তা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, শিক্ষকদের দায়িত্ব পালনে জবাবদিহি নিশ্চিত করতে একটি নীতিমালা প্রণয়ন করা হচ্ছে। এর আওতায় কোনো শিক্ষক দীর্ঘদিন একই জায়গায় দায়িত্ব পালন করতে পারবেন না এবং বোর্ড সংশ্লিষ্ট দায়িত্ব পালনে স্বচ্ছতা ও শৃঙ্খলা নিশ্চিত করা হবে।
অনুষ্ঠানে যশোর শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মাৎ আসমা বেগমের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জিএম নজরুল ইসলাম, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোক্তার আলী, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিয়ার রহমান, মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিয়া মো. নুরুল হক এবং কারিগরি বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন।
এদিকে একই দিনে শিক্ষামন্ত্রী যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন। সেখানে তিনি দেশের শিক্ষা ব্যবস্থাকে সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর করার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক হওয়ায় শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; গবেষণা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত দক্ষতায় পারদর্শী হতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে দক্ষ মানবসম্পদ তৈরির কেন্দ্র হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শিক্ষামন্ত্রী আরও বলেন, সরকার উচ্চশিক্ষার মানোন্নয়নে গবেষণা খাতে বরাদ্দ বৃদ্ধি, আধুনিক ল্যাব স্থাপন এবং আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম প্রণয়নের মতো নানা উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগ বাস্তবায়নে শিক্ষক-শিক্ষার্থী সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, কেবল সনদ অর্জনই নয়, নিজেদের সৃজনশীল, দক্ষ ও নৈতিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাহলেই দেশের সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে এবং বাংলাদেশ বৈশ্বিক অঙ্গনে আরও শক্ত অবস্থান তৈরি করতে পারবে।



























