বিএনপি সরকার মানুষের সামনে ব্যর্থ প্রমাণিত হয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী
স্বাধীন কন্ঠ ডেস্ক
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ এবং বিএনপি সরকারের সার্বিক ব্যর্থতার কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, বর্তমান বিএনপি সরকার ইতিমধ্যে দেশের মানুষের সামনে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণিত হয়েছে।
গত সোমবার (২১ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বাংলামোটর এলাকায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশ শেষে বের হওয়া প্রতিবাদ মিছিলটি পরীবাগ এলাকার ‘জননী ও গর্বিত বর্ণমালা ভাস্কর্যের’ সামনে গিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, তারা এরই মধ্যে কয়েকবার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। বিশ্ববাজারে জ্বালানিসংকট রয়েছে, সেটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু সেই সংকট মোকাবিলার সক্ষমতা যে তাদের নেই, ইতিমধ্যে সেটি প্রমাণিত হয়েছে।
সরকারকে এক দফা দাবির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, এই ব্যর্থ সরকারকে আমরা লংমার্চ থেকে বলেছি, তাদের সামনে একটাই পথ আছে— এক দফা দাবি। সরকার যদি মনে করে বিরোধী দল বা ১১-দলীয় জোট তাদের কিছু করতে পারবে না, তবে তাদের জানা উচিত—জনগণই আজ রাস্তায় নেমে ধাওয়া দেবে। কারণ জনগণের পেটে এই সরকার লাথি দিয়েছে। তারা জ্বালানিসংকট মোকাবিলা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ার পাশাপাশি গণমাধ্যমের ওপরও শেকল পরিয়েছে।
মিছিলে অংশ নিয়ে দলটির অন্যান্য নেতারা ক্ষমতাসীন সরকারকে দ্রুত ক্ষমতা ছাড়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, বর্তমান সরকার জনগণের গলায় ছুরি বসিয়েছে। সাধারণ মানুষের জীবনযাত্রাকে অতিষ্ঠ করে তোলা এমন কোনো সরকারের ক্ষমতায় থাকার আর নৈতিক অধিকার নেই।
বিক্ষোভ মিছিলে এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকার, সদস্যসচিব এস এম শাহরিয়ার, ঢাকা জেলা উত্তরের আহ্বায়ক নাবিলা তাসনিদ, এনসিপির যুব সংগঠন ‘যুবশক্তি’র সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল এবং শ্রমিক সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তি’র সদস্যসচিব রিয়াজ মোর্শেদসহ এনসিপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীরা অংশ নেন।



























