এনটিআরসিএ’র গণবিজ্ঞপ্তি স্থগিত করেছে হাইকোর্ট

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক কুমার স্টাফ রিপোর্টার// বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) ১ম থেকে ১২তম নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সনদধারীদের আগামী ৭ দিনের মধ্যে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সাথে ৫৪ হাজার নিবন্ধনধারীকে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়ে করা এনটিআরসিএ-র তৃতীয় গণবিজ্ঞপ্তি স্থগিতের আদেশ দেয়া হয়েছে।বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদনের শুনানি করে এমন আদেশ দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (৬ মে) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ। এনটিআরসিএর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ফারুক হোসেন।অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া ও ব্যারিস্টার মহিউদ্দিন হানিফ জানিয়েছেন, বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের মধ্যে রিটকারী প্রায় দেড় হাজার জনকে আদালত এক সপ্তাহের মধ্যে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে গত ৩০ মার্চ গণমাধ্যমে প্রকাশিত গণবিজ্ঞপ্তি এই সময়ের জন্য স্থগিত করে আদালত।এর আগে ৭ মার্চ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে ১ থেকে ১২তম নিবন্ধনধারীদের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করতে নির্দেশ দেন হাইকোর্ট। ১৫ দিনের মধ্যে এনটিআরসিএ চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে আদেশ দেওয়া হয়। পাশাপাশি নিবন্ধনধারীদের নিয়োগ সংক্রান্ত হাইকোর্টের রায় বাস্তবায়ন করতে বলেন আদালত।আদালতে এই আদেশ বাস্তবায়ন না করায় পুনরায় এনটিআরসিএ’র চেয়ারম্যানের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হয়।গত বছরের ১৫ ডিসেম্বর বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ কর্তৃক (এনটিআরসিএ) শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তির ওপর নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। ওই সময় আদালত অবমাননার বিষয় নিষ্পত্তি না করে কোনো শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি দিতে পারবে না বলেও আদেশে উল্লেখ করা হয়।