পারঙ্গম রাঙ্গামাটি পার্বত্য জেলা প্রতিনিধি// রাঙামাটি জেলার বাঘাইছড়ি ও নানিয়ারচর উপজেলায় বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও অন্য সরঞ্জামসহ পার্বত্য শান্তি চুক্তি বিরোধী ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ (প্রসীত) দলের তিন অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার (১৩ আগস্ট) ভোর রাতে গোপন খবরে বাঘাইছড়ির বঙ্গলতলী নামক এলাকা থেকে তাদের আটক করা হয়।এসময় তল্লাশি করে আটকদের কাছ থেকে একটি এলজি পিস্তল, দুই রাউন্ড এ্যামোনিশন, চাঁদা সংগ্রহের রশিদ বই, মোবাইল ও ব্যক্তিগত ব্যাগ উদ্ধার করা হয়।
পরে নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান ও জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাঘাইছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- ওমর চাকমা (৩৪) ও রকেট চাকমা (২২)। তাদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, হত্যা ও ধর্ষণের অভিযোগ ছিল।
এর আগে শুক্রবার রাত ২ টার দিকে নানিয়ারচর জোন সুদক্ষ দশ এর একটি অপারেশন দল গোপন তথ্যর ভিত্তিতে কুতুকছড়ির হাজাছড়ি এলাকায় অভিযান চালিয়ে ইউপিডিএফ (প্রসীত) দলের সন্ত্রাসী রূপায়ণ তালুকদারকে (চাকমা) আটক করে।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি থ্রি নট থ্রি রাইফেল, পাঁচ রাউন্ড বল এ্যামুনেশন, তিনটি মোবাইল ফোন, দুটি চাঁদা আদায়ের রশিদ ও দুটি আইডি কার্ড জব্দ করা হয়।
আটক রূপায়ণ তালুকদার (চাকমা) দীর্ঘদিন ধরে নানিয়ারচর উপজেলায় সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে অস্থিরতা সৃষ্টি করে আসছিলো।জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিকে অস্ত্র ও সরঞ্জামাদিসহ নানিয়ারচর থানায় হস্তান্তর করা হয়েছে।







