জামিন পেয়েই হত্যা মামলার বাদীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রধান আসামি ইউপি চেয়ারম্যান

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

রনি নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি// নারায়ণগঞ্জের রূপগঞ্জে জামিন পেয়েই হত্যা মামলার বাদীর বাড়িতে সন্ত্রাসী হামলা চালিয়েছে প্রধান আসামি ইউপি চেয়ারম্যানসহ তার অনুসারীরা।

এ সময় ব্যাপক ভাংচুর, লুটপাট গুলিবর্ষণসহ ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।শুক্রবার দুপুরে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের মাছিমপুর এলাকায় এই ঘটনা ঘটে।মামলার বাদী রাজিব মিয়া জানান, গত ১ জুন তার বড়ভাই সোলাইমানকে প্রকাশ্য দিনের বেলা কুপিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় তিনি বাদী হয়ে মুড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহমেদ আলমাছকে প্রধান আসামি করে ২১ জনের নামে রূপগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।

ওই মামলায় গত বৃহস্পতিবার মহামান্য হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন লাভ করে চেয়ারম্যান আলমাছ। এর আগে একই মামলায় আরও কয়েকজন জামিন লাভ করে।এদিকে জামিন লাভের পর শুক্রবার জুমার নামাজের পর চেয়ারম্যান আলমাছ অস্ত্রধারী বডিগার্ড নিয়ে মুড়াপাড়ার মাছিমপুর এলাকায় প্রবেশ করে। এ সময় আলমাছের সহযোগী তাওলাদসহ আরও কয়েকজন রাজিব ও তার আত্মীয়স্বজনদের বাড়িতে হামলা করে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। পিটিয়ে আহত করে রাজিবের বৃদ্ধ বাবা মাকে।হামলাকালে আলমাছ বাহিনীর লোকজন এলাকায় আতংক সৃষ্টির জন্য পিস্তল থেকে কয়েক রাউন্ড গুলিবর্ষণ ও ককটেলের বিস্ফোরণ ঘটায়।

বডিগার্ডের শটগান থেকেও গুলি বর্ষণ করা হয়েছে বলে দাবি করেন রাজিব।এ ঘটনায় আলমাছ চেয়ারম্যানের বক্তব্য নেয়ার চেষ্টা করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, হত্যা মামলার বাদীর বাড়িতে হামলার খবরে তাৎক্ষনিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। যাদের ক্ষয়ক্ষতি হয়েছে তারা যদি থানায় অভিযোগ দেয় তাহলে অবশ্যই আইনানুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।