তৃতীয় দিনের মতো জ্বালানি তেলের দাম বৃদ্ধি’র প্রতিবাদে সারা দেশে পণ্য ও গণপরিবহণ বন্ধ

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মানিক মিয়া স্টাফ রিপোর্টার// জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সারা দেশে পণ্য ও গণপরিবহণ বন্ধ। সপ্তাহের প্রথম কর্মদিবসে পরিবহণ না পেয়ে ভোগান্তিতে পড়েন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনে চট্টগ্রামে গণপরিবহণ চলাচল কিছুটা বাড়লেও, সীমাহীন ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। মেট্রোপলিটন পরিবহণ মালিক গ্রুপের আহ্বানে রবিবার সকাল থেকে নগরীতে অল্পসংখ্যক যান চলাচল করে।

সংগঠনের অভ্যন্তরীণ কোন্দলে বাস নামাননি অনেক বাস মালিক। জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পরিবহণ ধর্মঘটে চরম ভোগান্তিতে খুলনাবাসী। পণ্য পরিবহণ বন্ধ থাকায় বাড়ছে ভোগ্য পণ্যের দাম।

গণপরিবহণ বন্ধ থাকায় রাজশাহীতে বাস না পেয়ে ট্রেনে ভিড় করেন যাত্রীরা। সেখানেও ছিলো উপচে পড়া ভিড়।পণ্য ও গণপরিবহণের পাশাপাশি লঞ্চ চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ বিভিন্ন জেলার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন বরিশাল। নগরীতে সিএনজি ও অটোরিকশা চলাচল করলেও তাতে বাধা দেন শ্রমিক নেতারা।পরিবহণ ধর্মঘটে অচল সিলেটের গণপরিবহন ব্যবস্থা।

বাস না পেয়ে জরুরি প্রয়োজনে দূরদূরান্তের যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ছেন রেলস্টেশনে। যাত্রীর চাপে সেখানেও মিলছেনা কাঙ্খিত ট্রেনের টিকিট।পরিবহণ ধর্মঘটের তৃতীয় দিনে ময়মনসিংহে ট্রেনে টিকেট না পেয়ে দাঁড়িয়ে গন্তব্যে যেতে দেখা যায় যাত্রীদের।

অতিরিক্ত ভাড়ায় মাইক্রোবাস-সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে যাত্রী পরিবহণ করছেন চালকরা। একই অবস্থা রংপুরও। সিএনজি অটোরিকশা, প্রাইভেটকারে কয়েকগুণ বেশি ভাড়ায় গন্তব্যে যাচ্ছেন যাত্রীরা।