মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- মিথ্যা তথ্য দিয়ে জাতীয় সঞ্চয়পত্র কিনলে সর্বোচ্চ ছয় মাসের জেল অনাদায়ে এক লাখ টাকা জরিমানার বিধান রেখে সংসদে বিল উত্থাপন করা হয়েছে।
আজ মঙ্গলবার সরকারি ঋণ বিল-২০২১ সংসদে উত্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বিলটি পরীক্ষা করে ১৫ দিনের মধ্যে রিপোর্ট পেশের জন্য অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।
এর আগে গত ৬ই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে সরকারি ঋণ আইন ২০২১ এর চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। উত্থাপিত বিলে বলা হয়, বাংলাদেশ ব্যাংক বা জাতীয় সঞ্চয় অধিদপ্তরের অভিযোগ ছাড়া কোন আদালত মিথ্যা তথ্য সম্পর্কিত সংগঠিত অপরাধ আমলে নিতে পারবে না।
তাছাড়া, কোনো ব্যক্তি নিজের বা কারো পক্ষে সরকারি সিকিউরিটি বা জাতীয় সঞ্চয় স্কিমের আওতায় ইস্যু করা সার্টিফিকেটের স্বত্ব অর্জনের জন্য মিথ্যা তথ্য দিলে জরিমানার আওতায় আসবে।
তাছাড়া, যে টাকা-পয়সা ডিপোজিট করবে তা নিয়ে যদি মিথ্যা কথা বলে, তা কোথা থেকে আসলো সেটা যদি না থাকে, ইনকাম ট্যাক্সে যদি দেখানো না হয়, সে যদি এসব তথ্য মিথ্যা তথ্য দেয়, তাহলে সেক্ষেত্রে এ শাস্তি দেওয়া হবে।







