মজের আলী শরীয়তপুর জেলা প্রতিনিধি// শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নের রূপা রাণী দে ও সুমিত্রা রাণী দে’র বেদখল হওয়া বাস্তুভিটা পুনরুদ্ধারের আশ্বাস দিলেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম। সম্প্রতি ডিবিসি নিউজে পরিবারটির করুণ অবস্থার সংবাদ প্রকাশিত হলে ব্যাপক সমালোচনার ঝড় ওঠে। এর পরপরই পরিবারটির সহায়তায় এগিয়ে আসে প্রশাসন।এরই পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলা প্রশাসনের পক্ষে ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ দেশের ও দেশের বাইরের বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিবর্গ পরিবারটির সাথে যোগাযোগ করতে থাকে। একই সঙ্গে তারা আর্থিক সাহায্যসহ শীতবস্ত্র ও খাদ্য সহায়তা প্রদান করে তাদের।এরই মধ্যে সুমিত্রা দে’র পরিবারের জমি ফিরিয়ে দিতে দখলদার সিকদার পরিবারের সাথে শরীয়তপুরের ডিবিসি নিউজের সংবাদকর্মীর নেতৃত্বে একদল গণমাধ্যমকর্মী দেখা করেন। পরে তারা শরীয়তপুর জেলা প্রশাসকসহ শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীমের সাথেও বিষয়টি নিয়ে আলোচনা করেন।
তারই ধারাবাহিকতায় গত বৃহষ্পতিবার (১৩ই জানুয়ারি) দুপুরে সুমিত্রাদে’র বাড়িতে উপস্থিত হন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম।
এ সময় তিনি সুমিত্রা দে’র পরিবারের বর্তমান অবস্থাসহ সকল বিষয়ে খোঁজখবর নেন এবং উপমন্ত্রীর মায়ের নামে প্রতিষ্ঠিত বেগম আশরাফুন্নেছা ফাউন্ডেশন থেকে তাৎক্ষণিক ২৫ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করেন।পরিবারটিকে জোর করে বসতভিটা থেকে উচ্ছেদ করে দখল নেয়া জমি ও ঘরবাড়ি ফেরত দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন উপমন্ত্রী।
তিনি পরিবারের তিন বোনের লেখাপড়ার খরচ, সুমিত্রা দে’র চিকিৎসা ব্যবস্থাসহ রূপা রাণীর অনার্স পাস করার পর তাকে চাকরি দেয়া এবং পরিবারটিকে সব ধরনের সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন।উপমন্ত্রী যাওয়ার পর সুমিত্রা দে ডিবিসিকে জানান, ‘উপমন্ত্রীর কথায় আমরা আশ্বস্ত হয়েছি, আমাদের উদ্বেগ কিছুটা হলেও প্রশমিত হয়েছে।
পরিবারের জ্যেষ্ঠ সদস্য রূপা রাণী দে তাদের পাশে একজন শক্ত অভিভাবক পেয়েছেন বলে উল্লেখ করেন। সুমিত্রা দে মনে করছেন উপমন্ত্রী তাদের পাশে থাকলে নিশ্চয়ই তারা বেদখল হওয়া ভিটেমাটি ফিরে পাবেন।
সুমিত্রা দে ডেইলি বাংলাদেশ টুডে ডটকম কে সহ অন্যান্য গণমাধ্যমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাদের পাশে দাঁড়ানোর জন্য। একই সাথে প্রত্যাশা করেন ভিটেমাটি পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত গণমাধ্যম যেন তাদের পাশে থাকে।






