বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন ব্যাংক চলবে অর্ধেক জনবলে

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

মেহেদী হাসান বিশেষ প্রতিনিধি:- করোনা সংক্রমন রোধে ব্যাংকগুলোকে অর্ধেক জনবল দিয়ে দৈনন্দিন কাজ চালানোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাকিরা নিজ গৃহ থেকে ভার্চুয়ালি কাজ করবেন।

এছাড়া সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার নির্দেশ দিয়ে সোমবার প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়

১. স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক রোস্টারিং এর মাধ্যমে অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে হবে। তবে, আবশ্যকীয় ব্যাংকিং সেবা অব্যাহত রাখার নিমিত্তে প্রয়োজনের নিরিখে স্বীয় বিবেচনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে।

২. অন্যান্য কর্মকর্তা/কর্মচারীগণ নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি সম্পন্ন করবেন।

৩. ব্যাংকে আগত সেবাগ্রহীতাদের আবশ্যিকভাবে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি সংক্রান্ত নির্দেশনাবলী কঠোরভাবে প্রতিপালন করতে হবে।এর আগে, রবিবার মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নতুন নির্দেশনা আরোপ করে প্রজ্ঞাপন জারি করা হয়।

জারিকৃত প্রজ্ঞাপনে বলা হয়, করোনা সংক্রমণের পরিস্থিতি বিবেচনায় আগের সিদ্ধান্তের ধারাবাহিকতায় ২৪শে জানুয়ারি থেকে ৬ই ফেব্রুয়ারি পর্যন্ত নতুন তিনটি শর্ত সংযুক্ত করে সার্বিক কার্যাবলি/চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

১. সব সরকারি/আধাসরকারি/স্বায়ত্তশাসিত/বেসরকারি অফিসসমূহ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক অর্ধেক সংখ্যক কর্মকর্তা/কর্মচারী নিয়ে পরিচালনা করতে হবে। অন্যান্য কর্মকর্তা/কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং দাপ্তরিক কার্যক্রম ভার্চুয়ালি (ই-নথি, ই-টেন্ডারিং, ই-মেইল, এসএমএস, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য মাধ্যম) সম্পন্ন করবেন।

২. বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালতসমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে।

৩. ব্যাংক/বীমা ও আর্থিক প্রতিষ্ঠানের বিষয়ে বাংলাদেশ ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে।