শাহ আলম ব্রাক্ষণবাড়িয়া জেলা প্রতিনিধি:- ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মায়ের ওপর অভিমান করে ইয়ামিন নামে ৮ বছরের এক শিশু আত্মহত্যা করেছে।শুক্রবার আলেয়াবাদ গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত ইয়ামিন ওই এলাকার সৌদি আরব প্রবাসী গোলাম মোস্তফার ছেলে ও স্থানীয় জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র।পুলিশ ও পরিবারের সদস্যরা জানায়, ইয়ামিন মায়ের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে প্রায় সময় ভিডিও গেম খেলতো।
আজকে গেম খেলতে মায়ের কাছে মোবাইল ফোন চায় ইয়ামিন। তার মা এসময় পড়াশোনার ক্ষতি হচ্ছে বলে ফোন না দিলে ইয়ামিন অভিমান করে বাড়ির একটি খালি কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নূরে আলম জানান, খবর পেয়ে হাসপাতাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।







