বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু পাখি হত্যা

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Email

চাঁদপুর জেলা প্রতিনিধি// ফসল নষ্টের অপরাধে পরিকল্পিতভাবে বিষ প্রয়োগে শতাধিক ঘুঘু পাখিকে হত্যার অভিযোগ কৃষকের বিরুদ্ধে।জীবন বাঁচাতে খাবার খেতে এসে উল্টো জীবন গেছে শতাধিক পাখির।

ফসল নষ্টের অপরাধে পরিকল্পিতভাবে বিষ দিয়ে এসব ঘুঘু হত্যা করেছেন চাঁদপুরের এক কৃষক। এমন অমানবিক কাজে হতবাক অন্য কৃষকরাও। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি বিভাগের।চাঁদপুরের হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর গ্রামের কৃষক স্বপন দেওয়ান।

সয়াবিনসহ বিভিন্ন ফসল আবাদ করেন তিনি। এসব জমিতে খাবার খেতে আসে পাখিরা। পাখি ঠেকাতে তিনি ধানের সঙ্গে বিষাক্ত কিটনাশক মিশিয়ে জমিতে ছিটিয়ে দেন। বিষমিশ্রিত ধান খেয়ে প্রাণ হারায় শতাধিক ঘুঘু পাখি।ঘটনাস্থল পরিদর্শন করে জমি থেকে মৃত পাখি উদ্ধার করেন প্রশাসন ও কৃষি বিভাগের কর্মকর্তারা। পাখি তাড়াতে কাকতাড়ুয়াসহ বিভিন্ন প্রাকৃতিক পদ্ধতি ব্যবহারের কথা জানান স্থানীয় কৃষকরা।

অনিচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটেছে বলে দাবি অভিযুক্ত কৃষকের।অভিযুক্ত কৃষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানান কৃষি কর্মকর্তা। পাখি রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পরামর্শ তার। এভাবে হত্যা করলে ঘুঘু পাখি দ্রুতই বিলুপ্ত হয়ে যাবে, এমন আশঙ্কা কৃষকদের।